বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: প্রথম দিনেই শুল্ক কমানোর ইঙ্গিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনেই শুল্ক হ্রাসের সম্ভাবনার সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। সোমবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বৈঠকে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি বলেন, আলোচনায় উভয় দেশের মধ্যে ফলপ্রসূ সংলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক যথেষ্ট পরিমাণে কমতে পারে। যদিও ঠিক কতটা কমবে, তা এখনই বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্য সচিবের প্রত্যাশা, আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য আরও ইতিবাচক ফল আসবে।
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
ঢাকা থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারাও ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে ছিলেন দেশটির বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।