চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার, ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। তার বাসা থেকে পুলিশ ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক এবং প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ গত সোমবার রাতে নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সম্পদ জব্দ করে।
রোববার বিকেলে রিয়াদসহ অন্যান্য আসামিদের আদালতে তোলা হয়। চাঁদা দাবি সংক্রান্ত মামলায় পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে রিয়াদ ও কাজী গৌরব অপু ৫০ লাখ টাকার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা হুমকি দেন এবং ১০ লাখ টাকা আদায় করেন। পরবর্তীতে বাকি টাকা নিতে গিয়ে আবার হুমকি দেয়। ২৬ জুলাই চাঁদা নিতে গেলে গুলশান থানা পুলিশ তাদেরসহ পাঁচজনকে আটক করে।
পুলিশ ও বাদীর বরাত দিয়ে জানানো হয়েছে, চাঁদাবাজির এসব ঘটনার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।