মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

favicon
অনলাইন সংস্করণ
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন এবং আরও ১৭ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।


বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজের তৃতীয় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন: ইলিয়াছ, আব্দুন নুর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবর।


মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথ উপজেলার চৈতননগর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলম নজির উদ্দিনের খেত থেকে জোরপূর্বক মাটি তুলতে গেলে নজির উদ্দিন, তার ভাইপো সুমেল ও অন্যান্যরা বাধা দেন। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে সাইফুল আলম আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন। এতে দশম শ্রেণির ছাত্র সুমেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার বাবা ও চাচাসহ আরও চারজন।


ঘটনার পর নিহত সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ২৩ জন সাক্ষ্য দেন।


১৩ জুলাই যুক্তিতর্ক শেষে বুধবার মামলার রায়ের তারিখ ধার্য করা হয়। রায় ঘোষণার দিন আদালত ৩০ জন আসামিকে কারাগারে পাঠান। মামলার এজাহারভুক্ত আসামি মামুনুর রশীদ পলাতক রয়েছেন। প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার হয়ে প্রায় চার বছর ধরে কারাগারে আছেন।