ধর্মীয় অনুভূতিতে আঘাত: আইনি জটিলতায় রাজকুমার রাও
বলিউড অভিনেতা রাজকুমার রাও ২০১৭ সালের ছবি ‘বেহেন হোগি তেরি’–র একটি দৃশ্যকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি সমস্যায় পড়েছেন। মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে ছবির পরিচালক নিতিন কাক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে এবং অভিনেত্রী শ্রুতি হাসানকে।
বিতর্কের সূত্রপাত একটি পোস্টার ও সিনেমার দৃশ্য নিয়ে, যেখানে অভিযোগ করা হয়, হিন্দু দেবতা শিবকে স্যান্ডেল পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। এই উপস্থাপনাকে ‘অসম্মানজনক’ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেছেন মামলার বাদী ঈশান্ত শর্মা, যিনি একজন হিন্দু নেতা ও চলচ্চিত্র প্রযোজক।
মামলাটি মূলত ২০১৭ সালেই পাঞ্জাবের জালন্ধরের ডিভিশন ৫ থানায় দায়ের করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে রাজকুমার রাও আদালতের শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। তবে গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় তিনি জালন্ধরের আদালতে আত্মসমর্পণ করেন এবং বিচারক শ্রিজন শুক্লা তার জামিন মঞ্জুর করেন।
যদিও তিনি আগে থেকেই অগ্রিম জামিন পেয়েছিলেন, নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ার কারণে নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হয়।
এই ঘটনা আবারও ভারতীয় চলচ্চিত্রজগতে ধর্মীয় সংবেদনশীলতা ও শিল্পীদের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ককে সামনে নিয়ে এসেছে।
এখনও পর্যন্ত রাজকুমার রাও বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।