রিয়া গাঙ্গুলী ও স্বামীর দাম্পত্য দ্বন্দ্ব ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ
টালিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলী ও তার স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ আবারও প্রকাশ্যে এসেছে। রিয়ার অভিযোগ, স্বামী পরকীয়ায় জড়িয়েছেন এবং বিষয়টি ধরে ফেলায় তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।
সম্প্রতি এক ফেসবুক লাইভে রিয়া জানান, তার স্বামী নিজ বাড়িতেই অন্য এক নারীর সঙ্গে বসবাস করছেন, বিষয়টি জেনেও শ্বশুর চুপ রয়েছেন। তিনি বলেন, গত তিন বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার এবং সন্তানদের দায়িত্ব একাই নিতে চান, কোনো ভরণপোষণও দাবি করেননি।
এরপর পাল্টা লাইভে এসে অরিন্দম চক্রবর্তী দাবি করেন, রিয়া প্রমাণ দিতে পারলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন। উল্টো তিনি রিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন—রিয়া নাকি তার মাকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করেছেন এবং বাবার ওপর হাত তুলেছেন।
অরিন্দম বলেন, তিনি প্রতি মাসে রিয়াকে ৭০ হাজার টাকা দেন, তবু রিয়া আইনি পথে আরও ৬০ হাজার টাকা ভরণপোষণ দাবি করেছেন।
তিনি আরও দাবি করেন, রিয়া তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন এবং এক বিদেশি পুরুষের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বর্তমানে দুজনেই আইনি লড়াইয়ে রয়েছেন এবং উভয়েই বলছেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যা আদালতে জমা দেওয়া হয়েছে।