মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১

favicon
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরিপুর থেকে ফরিদপুরের আটরশি দরবার শরিফগামী একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে গেলে চালক সেটি রাস্তার পাশে থামিয়ে চাকা বদল করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।


নিহত যাত্রীর নাম আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুর রহমানের ছেলে।


দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।


হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িক যানজট সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার অভিযান ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।