রাজনীতিতে সক্রিয় হিরো আলম, এবার মেয়র পদে লড়াইয়ের ভাবনা
সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে পরিচিত, আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে হিরো আলম জানান, “সব নির্বাচনই চ্যালেঞ্জিং। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। জনগণ চাইলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি।”
রাজনীতিতে সক্রিয় হিরো আলম ইতিপূর্বে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বগুড়া-৪ আসনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন।
বগুড়া-৬ আসনেও পরাজিত হন নৌকার প্রার্থী রাগেবুল আহসানের কাছে।
তাছাড়া, ২০২৩ সালের ২৩ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোটগ্রহণের দিন তার ওপর হামলার ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে ভোট বাতিলের আবেদন করেন।
হিরো আলম বলেন, “অনেকে ফোন করে উৎসাহ দিচ্ছেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।” তিনি জানান, সবকিছুই নির্ভর করছে জনগণের সমর্থনের ওপর।