আবারও আদালতের নোটিশ পেলেন রিয়া চক্রবর্তী, বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় অব্যাহতি পাওয়ার পর আবারও আদালতের নোটিশের মুখে পড়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি এক মামলায় নতুন নোটিশ পাওয়ার পর, মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারীদের উদ্দেশ্যে প্রকাশ্যে মেজাজ হারান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর প্রতিবেদনে বলা হয়, সুশান্তের মৃত্যু মামলা থেকে রিয়া অব্যাহতি পেলেও, পরে তিনি প্রয়াত অভিনেতার দুই বোন প্রিয়াঙ্কা সিং ও মিতু সিং এবং চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ করেন। রিয়ার দাবি, সুশান্ত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন এবং তার বোনেরা প্রায়ই ওষুধ বন্ধ করে দিতেন। তিনি আরও অভিযোগ করেন, চিকিৎসকের জাল প্রেসক্রিপশনেও সমস্যা হয়েছিল।
তবে যথাযথ প্রমাণের অভাবে আদালত রিয়ার অভিযোগ আমলে না নিয়ে বরং তার বিরুদ্ধেই নোটিশ জারি করেছে।
নোটিশ পাওয়ার পর রিয়াকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। সেখানে ছবি তুলতে আসা পাপারাজ্জিদের প্রথমে হাসিমুখে কয়েকটি পোজ দিলেও, পরে পিছু নেওয়া নিয়ে বিরক্ত হন তিনি। তিনি বলেন,
"দয়া করে পিছু নেবেন না। ছবির জন্য কয়েকটি পোজ দিয়েছি। এবার আমাকে যেতে দিন।"
রিয়া ২০১২ সালে একটি তেলেগু সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। ব্যক্তিজীবনে তিনি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমে জড়ান এবং ২০১৯ সাল থেকে তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সুশান্তের মৃত্যু ঘিরে তাকে নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা হয়। যদিও আদালতে এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনি মামলা থেকে অব্যাহতি পান। তবে এবার নিজেই দায়ের করা মামলায় আদালতের নোটিশের মুখে পড়েছেন তিনি।