“জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা”—মাহফুজ আলম
শুক্রবার (১ আগস্ট) রাতের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে মন্তব্য করেছেন।
মাহফুজ আলম তার ভেরিফায়েড আইডিতে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি ঘোষণা করা হবে। এই ইস্যুটিকে গণআকাঙ্ক্ষার জায়গায় টিকিয়ে রেখে বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”
অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুকে সংক্ষিপ্তভাবে লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”
সরকারি এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে। সংলাপ চলাকালীন সময়ে এই খসড়ার একটি কপি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পাঠানো হয়েছে মতামত জানাতে।
এছাড়া জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে এই খসড়াটি প্রকাশ করবেন, যা ৫ আগস্টের আগেই প্রকাশিত হবে বলে ধারণা করা হচ্ছে।