৩৩ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি, সেরা অভিনেতা শাহরুখ খান!
অবশেষে ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড কিং শাহরুখ খান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শাহরুখ এই সম্মাননা অর্জন করেন।
শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। সেখানে জানানো হয়, শাহরুখের পাশাপাশি 'টুয়েলভথ ফেল' সিনেমার অভিনেতা বিক্রান্ত ম্যাসিও যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। দুইজনেরই এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন শাহরুখ খান। এরপর উপহার দিয়েছেন ‘ডর’, ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল সে’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘ডন’-এর মতো একের পর এক ব্লকবাস্টার সিনেমা।
তবে একসময় ক্যারিয়ারে মন্দা দেখা দিলে কিছুটা বিরতি নেন তিনি। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’—এই তিনটি সফল সিনেমার মাধ্যমে রাজকীয়ভাবে বলিউডে প্রত্যাবর্তন করেন শাহরুখ খান।
২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘কিং’, যেখানে তাকে নতুন এক রূপে দেখা যাবে বলে জানা গেছে।