জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফল, সাতদিনে বাসায় ফেরার সম্ভাবনা
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির প্রধান চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির। শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
অপারেশনের জন্য সকাল ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সফল সার্জারির পর ডা. জাহাঙ্গীর কবির জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী সাত দিনের মধ্যেই ডা. শফিকুর রহমান বাসায় ফিরতে পারবেন।
এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমিক পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লেও ধারণা করা হয়, তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।
পরবর্তীতে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি ছিল গুরুতর এবং দুটি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ব্লকড।
চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড বিদেশে যাওয়ার পরামর্শ দিলেও ডা. শফিকুর রহমান দেশে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।