৩ আগস্ট ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উদযাপন করবে এনসিপি, আসছে নতুন ঘোষণাপত্র
আগামী ৩ আগস্টকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, “বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে”, আর সেই ঘোষণাই আসবে শহীদ মিনার থেকে।
বার্তায় উল্লেখ করা হয়, এনসিপি সদ্য সমাপ্ত করেছে তাদের মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যার আওতায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম, শহর, নগর ও জনপদে পৌঁছে গিয়েছে দলটি। পথে পথে সাধারণ মানুষ — শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী ও নানা পেশাজীবীর সঙ্গে সংলাপ করেছে তারা।
দলটির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই পদযাত্রায় প্রাপ্ত জনমত ও জনগণের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটবে এক ঘোষণায়। সেই লক্ষ্যে ৩ আগস্ট রবিবার শহীদ মিনার থেকে ঘোষিত হবে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’, যেখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা উপস্থাপন করবেন এক দফা ঘোষক নাহিদ ইসলাম।
এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্টও ছিল এক দফা ঘোষণার দিন, এবারও ঠিক সেদিনেই জনতার প্রত্যাশা ও প্রাপ্তির ভিত্তিতে নতুন কর্মসূচি ও প্রতিশ্রুতি নিয়ে হাজির হবে এনসিপি।
সেদিন সারাদেশের ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদের শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দলের সদস্য সচিব আখতার হোসেন এরই মধ্যে জেলা ও উপজেলা কমিটিগুলোকে নির্দেশনা দিয়েছেন নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়নের জন্য।
বার্তায় শেষবারের মতো পুনরায় উচ্চারণ করা হয়: “৩ আগস্ট, নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণ— দেখা হচ্ছে সেদিন।”