জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমায় তার দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে তাকে।
শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন ভিডিও বার্তায় শাহরুখ ভক্ত ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন,
“জাতীয় পুরস্কার শুধু একটি স্বীকৃতি নয়, এটা আমার জন্য এক গর্বের মুহূর্ত এবং একইসঙ্গে একটি বড় দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধুই কাজ নয়, বরং সমাজের সত্যকে প্রতিফলিত করার একটি মাধ্যম। এই সম্মানের জন্য আমি জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে উপযুক্ত মনে করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেন,
“‘জওয়ান’ সিনেমায় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার ও পুরো টিমকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সহ্য করে এবং সর্বোচ্চটা দিতে সহায়তা করে।”
পরিবার প্রসঙ্গে বলেন,
“পরিবারের সদস্যরা আমাকে সবসময় ভালোবাসা ও যত্নে রেখেছে। তাদের ভালোবাসাই আমাকে শক্তি দেয়। আমি নিজেকে পরিবারের সবচেয়ে ছোট সদস্য মনে করি।”
ভক্তদের উদ্দেশে বলেন,
“এই পুরস্কার আসলে আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে। এখন পুরোপুরি জড়িয়ে ধরা সম্ভব না হলেও, পপকর্ন রেডি রাখুন—আমি ফিরছি সিনেমা হলে! ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই।”
উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এরপর তিনি উপহার দেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র—‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ অসংখ্য হিট সিনেমা।