গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপুর ৪ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে (কাজী গৌরব অপু) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার দিনের রিমান্ডে পাঠিয়েছে। শনিবার (২ আগস্ট) এই আদেশ দেন বিচারক নাজমিন আক্তার।
সকাল পরবর্তী সময়ে গুলশান থানা পুলিশ অপুকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে অপুর পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানির পর আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত শনিবার গুলশানে সমন্বয়ক পরিচয়ে আবু জাফরের (অস্ট্রেলিয়া প্রবাসী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী) বাসায় চাঁদাবাজি করার সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. আমিনুল ইসলাম। চাঁদাবাজির ঘটনা রিয়াদের নেতৃত্বে ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে চারজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ১৭ জুলাই আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু (জানে আলম অপু) সমন্বয়ক পরিচয়ে তার গুলশান-২ এলাকার বাসায় গিয়ে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চাঁদা দাবি করেন। অপারগতা প্রকাশ করলে তাকে আওয়ামী লীগের এবং স্বৈরাচারের সহযোগী আখ্যায়িত করে গ্রেফতার করার হুমকি দেন। ভয়ে তিনি প্রথমে ১০ লাখ টাকা প্রদান করেন। পরে ১৯ জুলাই বাকি ৪০ লাখ টাকা চাঁদাবাজির জন্য পুনরায় হুমকি দেন। ২৬ জুলাই চাঁদা নিতে গেলে গুলশান থানা পুলিশ তাদের আটক করে। এ সময় অপু পালিয়ে যান।