পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন মোহাম্মদ আলী অন্তু (২৬), যিনি ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়ার ছেলে। অপর যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, অন্তু ও তার সঙ্গী মোটরসাইকেলে করে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। তারা পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ টোলপ্লাজা অতিক্রম করার পরপরই একটি দ্রুতগতির বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
ওসি জহিরুল ইসলাম আরও জানান, নিহত অপর যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘাতক বাস ও চালকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।