দেশের দুর্নীতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
অভিনয়জগতে এখন আর আগের মতো নিয়মিত নন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েক মাস ধরে চাকরিতে যুক্ত হয়েছেন তিনি, তবে ভালো প্রস্তাব পেলে এখনো অভিনয় করেন। অভিনয়ের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে সক্রিয় থাকেন তিনি।
সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে দেশ নিয়ে নিজের গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পোস্টে তিনি লিখেছেন, “এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?”
তিনি আরও লেখেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে পালায়, ছোটরা অনলাইনে ‘জুলাই সিডিআই’ লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে পারাপারের রাস্তা তৈরি করে!”
নিজেকে সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করে ফারিয়া বলেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’—আরেক পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর!’ ১৬ বছর কিছু বলেননি কেন—এই প্রশ্নও আসে।”
জুন মাসেও দেশের রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্য নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন শবনম ফারিয়া। সেই পোস্টে তিনি লেখেন, “এই স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ে লেখা বন্ধ করলাম! কারণ ফাইনালি বুঝে গেছি, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ। যত আন্দোলনই হোক, যত সরকারই বদলাক, আমরা কখনো ভালো হবো না। নোবেল জয়ী কেউ এলেও দুর্নীতি ও চুরি থেকে আমাদের আটকাতে পারবে না। শিশু হোক বা বৃদ্ধ, যার হাতেই ক্ষমতা যাবে—সে-ই তার অপব্যবহার করবে।”
শবনম ফারিয়ার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে, অনেকেই তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন, আবার কেউ কেউ সমালোচনাও করেন।