‘পতি পত্নী ও পাঙ্গা’র আগে বিয়ে, গুঞ্জনের সত্যতা মেনে নিলেন হিনা
চলতি বছরের ৪ জুন প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। যদিও দীর্ঘদিন ধরেই তিনি স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন, তবু অসুস্থতাকে উপেক্ষা করে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। আর সেই কারণেই অনেকেই তাঁর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কেউ কেউ একে লোকদেখানো বলেও কটাক্ষ করেছেন।
এবার প্রশ্ন উঠেছে হিনার বিয়ে নিয়েও। শোনা যাচ্ছে, এটি নাকি ছিল ‘চুক্তিভিত্তিক বিয়ে’! কারণ বিয়ের কিছুদিন পরেই হিনা ও রকি অংশ নিয়েছেন একটি রিয়েলিটি শোতে, যার নাম ‘পতি পত্নী ও পাঙ্গা’। নাম থেকেই ধারণা করা যায়, শোটি দম্পতিদের নিয়ে।
এই পরিস্থিতিতে অনেকে বলছেন, শুধু শোতে অংশ নেওয়ার জন্যই নাকি হিনা ও রকি বিয়ে করেছেন। অবশেষে এই গুঞ্জনের ইঙ্গিত দিলেন হিনা নিজেই। এক সাক্ষাৎকারে হিনা জানান, শোয়ের প্রস্তাব পাওয়ার আগে থেকেই তাঁদের বিয়ে করার পরিকল্পনা ছিল, যা গত বছরই হওয়ার কথা ছিল। তবে তাঁর অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে যায়।
হিনার ভাষায়,
“শোয়ের নির্মাতারা আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই নিতে চেয়েছিলেন। কিন্তু শোয়ের নাম যখন ‘পতি পত্নী ও পাঙ্গা’, তখন প্রেমিক-প্রেমিকা হয়ে যেতে চাইনি। তাই বিয়েটা সেরে নিই।”
অর্থাৎ শোয়ের প্রয়োজনেই তাড়াহুড়ো করে বিয়ে সারতে হয়েছে—এটাই অনেকাংশে স্বীকার করলেন অভিনেত্রী।