অটোরিকশার জন্য নতুন নিয়ম: নির্দিষ্ট রুট, বাধ্যতামূলক লাইসেন্স ও নিবন্ধন!
দেশজুড়ে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে সরকার কঠোর নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো অটোরিকশা চালাতে হলে অবশ্যই নিবন্ধন ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চালকের। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আরো কয়েকটি কঠোর নির্দেশনা জারি করা হচ্ছে।
নীতিমালায় বলা হয়েছে, এসব যানবাহন মহাসড়কে চলাচল করতে পারবে না। নির্ধারিত রুটেই শুধু চলাচল করা যাবে। কতসংখ্যক অটোরিকশা একটি রুটে চলবে, তা নির্ধারণ করবে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি।
একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি মধ্যম গতির এবং পাঁচটি ধীরগতির অটোরিকশার মালিক হতে পারবেন। এসব যানবাহনের যাত্রাপথে ভাড়া নির্ধারণ করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, এক বছরের মধ্যে সব অটোরিকশাকে নিরাপদ মডেলে রূপান্তর করতে হবে। মধ্যম গতির অটোরিকশার সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং ধীরগতির জন্য ৩০ কিলোমিটার।
সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এসব নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।