মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন
মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ (বুধবার, ৬ আগস্ট) তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আজ দুই জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দেবেন। এ পর্যন্ত মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
সাক্ষীরা আদালতে বলেছেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার পেছনে শেখ হাসিনা, কামাল ও মামুন ছিলেন মূল পরিকল্পনাকারী। তারা সেই বিভীষিকাময় ঘটনার বর্ণনা তুলে ধরেন এবং আসামিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়। মামলার দুই প্রধান আসামি হাসিনা ও কামাল পলাতক অবস্থায় রয়েছেন, তবে মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।