দক্ষিণ কোরিয়ার অভিনেতা সং ইয়ং-কিউর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে জল্পনা
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং ইয়ং-কিউ মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে। সোমবার (৪ আগস্ট) সিওলের দক্ষিণাঞ্চলের ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
স্থানীয় সংবাদমাধ্যম ও ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছিল। যদিও তাকে আটক না করে সরাসরি প্রসিকিউশনে হস্তান্তর করা হয়।
এই ঘটনার পর থেকেই সং ইয়ং-কিউ নিজেকে একাধিক নাটক ও সিনেমা প্রকল্প থেকে সরিয়ে নেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শেক্সপিয়ারের জনপ্রিয় নাটকের কোরিয়ান রূপ ‘শেক্সপিয়র ইন লাভ’, যেখানে তার অংশগ্রহণ প্রত্যাহার ছিল বেশ আলোচিত।
ঘটনার দিন, এক পথচারী গাড়ির ভেতর তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করে।
তদন্তে আত্মহত্যার চিরকুট বা কোনো জোরপূর্বক হত্যার প্রমাণ মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক ও সোশ্যাল মিডিয়ায় চলা কটূ মন্তব্যের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
সং ইয়ং-কিউ ১৯৯৪ সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘দ্য ম্যাজিশিয়ান মিউরুয়েল’-এর মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। থিয়েটার ছাড়াও তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে সমান জনপ্রিয় ছিলেন।
তার অভিনীত ২০১৯ সালের আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা ‘Extreme Job’-এ চিফ চোই চরিত্রে তার পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়।
সং ইয়ং-কিউর মৃত্যুতে সোশ্যাল মিডিয়াজুড়ে তার ভক্ত ও সহকর্মীরা গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।