কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে পরিবেশ রক্ষার বার্তা সারজিস আলমের
চলমান সমালোচনার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে এসে বার্তা দিলেন ন্যাশনাল কনসেনসাস পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি এই লাইভে আসেন এবং দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
সারজিস আলম বলেন, “এনসিপির পক্ষ থেকে যে ২৪ দফার ইশতেহার প্রকাশ করা হয়েছে, তার ২১ নম্বর দফায় রয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষা সংক্রান্ত অঙ্গীকার। আমাদের বিশাল সম্ভাবনার জায়গা হচ্ছে এই সমুদ্র। এখন প্রশ্ন হচ্ছে—আমরা কিভাবে এই সমুদ্র ও এর জীববৈচিত্র্য রক্ষা করব, এবং কিভাবে সমুদ্রতীরবর্তী মানুষের টেকসই জীবনযাপন নিশ্চিত করব।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “উপকূলের অনেক বাড়িঘর ভবিষ্যতে সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে। এজন্য এখনই প্রয়োজন পূর্বপ্রস্তুতি ও সঠিক পদক্ষেপ। দুর্যোগ সংক্রান্ত পূর্বাভাস যেন সঠিক ও নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে—যাতে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।”
সারজিস আলম আরও বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত সমুদ্রকে সম্পদে পরিণত করা। খনিজ সম্পদ আহরণ ও সেগুলোকে টেকসইভাবে ব্যবহারের পরিকল্পনা নিতে হবে। আমাদের দরকার টেকসই নদী ও সমুদ্র নীতি।”
কক্সবাজারের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, “যেখানে-সেখানে ভবন তৈরি হচ্ছে, জমি দখল হচ্ছে, অবৈধ লিজ বাণিজ্য চলছে। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে জমি লিজ নেওয়া হচ্ছে, সৈকতের পাড়ে প্রাচীর তোলা হচ্ছে—কোনো গবেষণার ভিত্তি ছাড়াই।”
তিনি জানান, “এই অব্যবস্থাপনা থেকে পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করতে হবে। এনসিপির পক্ষ থেকে আমরা দেশবাসীকে পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”