বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › রেকর্ড আয় চট্টগ্রাম বন্দরের, তবে বাড়ছে জাহাজের অবস্থানকাল; উদ্বিগ্ন ব্যবসায়ীরা

রেকর্ড আয় চট্টগ্রাম বন্দরের, তবে বাড়ছে জাহাজের অবস্থানকাল; উদ্বিগ্ন ব্যবসায়ীরা

favicon
অনলাইন সংস্করণ
রেকর্ড আয় চট্টগ্রাম বন্দরের, তবে বাড়ছে জাহাজের অবস্থানকাল; উদ্বিগ্ন ব্যবসায়ীরা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরে এক বছরে রেকর্ড ৫ হাজার ২২৭ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে সরকারের কোষাগারে কর ও ভ্যাট হিসেবে জমা পড়েছে ১ হাজার ৭৬৫ কোটি টাকা। আগের অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৭১৫ কোটি টাকা।


এ আয় এসেছে মূলত জাহাজ ভেড়ানো, কনটেইনার ও কার্গো পণ্য হ্যান্ডলিং থেকে। ব্যয়ের পরও বন্দরের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২ হাজার ৯১২ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ অর্থ উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।


তবে রেকর্ড আয় হলেও ব্যবসায়ীরা উদ্বিগ্ন জাহাজের অবস্থানকাল বেড়ে যাওয়ায়। আগে যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে জাহাজ পণ্য খালাস করে চলে যেত, এখন তা ৭২ থেকে ৯৬ ঘণ্টা পর্যন্ত সময় নিচ্ছে। এতে আমদানি-রফতানি খরচ ও সময় বাড়ছে।


বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, "প্রতিযোগী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে হলে বন্দরের দক্ষতা ও গতি বাড়ানো জরুরি।"


গত অর্থবছরে বন্দরে মোট ৩২ লাখ ৯৬ হাজার কনটেইনার ও ১৩ কোটি ৭ লাখ মেট্রিক টন পণ্য ওঠানামা করেছে। মোট জাহাজ এসেছে ৪ হাজার ৭৭টি।


বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্যক্রম আরও দ্রুত ও ডিজিটাল করতে অনলাইন পেমেন্টসহ নতুন সেবা চালু করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বিশ্বের ১০০টি ব্যস্ততম বন্দরের মধ্যে ৬৭তম অবস্থানে রয়েছে।