শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাডাসারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধানে দুদক

ডাসারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধানে দুদক

favicon
অনলাইন সংস্করণ
ডাসারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধানে দুদক

শিক্ষক নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষদের বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে মাদারীপুর জেলার ডাসারের দুটি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অভিযান পরিচালিত হয় ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ) এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।


দুদক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক এবং কয়েকজন কর্মচারীকে নিয়োগ দেন তৎকালীন ম্যানেজিং কমিটি। সম্প্রতি এ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে তা তদন্তে নামে দুদক। অভিযানের সময় কলেজ কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়।


অন্যদিকে, শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী চম্পা রানী মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ভাতা গ্রহণের অভিযোগ রয়েছে।


দুদক কর্মকর্তারা অভিযানে দুটি কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। যাচাই শেষে প্রতিবেদন ঢাকাস্থ প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।


অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ জানান, তার ও স্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু পরিষ্কার হবে।


ডাসার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, নিয়োগ তৎকালীন ম্যানেজিং কমিটি ও সিনিয়রদের সিদ্ধান্তে হয়েছিল এবং দুদকের চাওয়া সব নথিপত্র যথাসময়ে দেওয়া হবে।


দুদকের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, শিক্ষক নিয়োগে অনিয়ম এবং অনুপস্থিত থেকে বেতন নেওয়ার অভিযোগে চার সদস্যের একটি টিম তদন্ত চালিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।