মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › পল্লবীতে পুলিশি হেফাজতে জনি হত্যা: আসামিদের আপিলের রায় সোমবার

পল্লবীতে পুলিশি হেফাজতে জনি হত্যা: আসামিদের আপিলের রায় সোমবার

favicon
অনলাইন সংস্করণ
পল্লবীতে পুলিশি হেফাজতে জনি হত্যা: আসামিদের আপিলের রায় সোমবার

রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যার ঘটনায় বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় আগামী সোমবার (১১ আগস্ট) ঘোষণা করবে হাইকোর্ট।


বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষ করে রোববার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। তবে সেদিন রায় না দিয়ে নতুন তারিখ হিসেবে সোমবার নির্ধারণ করা হয়।


২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পল্লবীর ইরানি ক্যাম্পে এক অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের অশালীন আচরণকে কেন্দ্র করে ইশতিয়াক ও তার ভাই ইমতিয়াজের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সুমনের ডাকে পুলিশ এসে দুই ভাইকে থানায় নিয়ে যায় এবং নির্যাতন চালায়। গুরুতর আহত ইশতিয়াককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওই বছরের ৭ আগস্ট ইমতিয়াজ হোসেন মামলা করেন। এটি ছিল ২০১৩ সালে প্রণীত ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’-এর অধীনে প্রথম মামলা। বিচারিক তদন্ত শেষে ২০১৬ সালে অভিযোগ গঠন হয় এবং ২০২০ সালের ৯ সেপ্টেম্বর আদালত রায় দেন।

সে রায়ে তৎকালীন এসআই জাহিদুর রহমান, এএসআই রাশেদুল হাসান ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। পুলিশের সোর্স সুমন ও রাসেলকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


দণ্ডিতদের মধ্যে কামরুজ্জামান শুরু থেকেই পলাতক, আর সুমন সাজা শেষে মুক্তি পেয়েছেন। রায়ের বিরুদ্ধে জাহিদুর, রাশেদুল ও রাসেল ২০২০ সালে হাইকোর্টে আপিল করেন, যা ২০২১ সালে গ্রহণ করা হয়। চলতি বছরের ৯ জুলাই একসঙ্গে এসব আপিলের শুনানি শুরু হয়।