খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে অশালীন প্রস্তাব ও হুমকির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রুবেল আনসারের বিরুদ্ধে ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব, একান্ত সাক্ষাতের চাপ এবং যৌন সম্পর্কের ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক ছাত্রী গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন জানান, অভিযোগের প্রেক্ষিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান তিনি নিজেই।
অভিযোগপত্রে ছাত্রী উল্লেখ করেন, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্যারের সঙ্গে দেখা করতে গেলে তিনি ব্যক্তিগত ও অস্বস্তিকর মন্তব্য করেন এবং পরে ঘন ঘন মেসেজ পাঠানো শুরু করেন। এক পর্যায়ে গাড়িতে ডেকে নিয়ে তিনি সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দেন, নির্জন স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান এবং বলেন, “আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই।” এছাড়া পরীক্ষার ফল বাড়িয়ে দেওয়ার প্রলোভনও দেন বলে অভিযোগে উল্লেখ আছে।
ছাত্রী দাবি করেন, ঘটনাটি তাকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে এবং তিনি গভীর ট্রমায় ভুগেছেন। শোনা গেছে, উক্ত শিক্ষক পূর্বেও অনুরূপ অভিযোগের মুখে পড়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, অভিযোগ তদন্তাধীন রয়েছে, তাই বিস্তারিত মন্তব্য করা যাচ্ছে না।
তবে অভিযোগ অস্বীকার করে প্রফেসর ড. রুবেল আনসার বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি, এর সঙ্গে বাস্তবতার মিল নেই। সব শিক্ষার্থীই আমার কাছে সমান।