বসুন্ধরা কিংসে অভিষেক হতে যাচ্ছে কিউবা মিচেলের
বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কিউবা মিচেল বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে আগামী মঙ্গলবার (১২ আগস্ট) কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল আলকারামাহর বিপক্ষে কিংসের হয়ে খেলবেন ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার।
গত মাসের শেষ দিকে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব–২১ দলের এই ফুটবলারকে নীরবে দলে ভেড়ায় কিংস। ১০ আগস্ট দোহায় পৌঁছে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেন তিনি। আনুষ্ঠানিকভাবে ২৮ জুলাই তার যোগদানের ঘোষণা দেয় ক্লাবটি।
চ্যালেঞ্জ লিগের এই ধাপ শেষে মিচেল বাংলাদেশে ফিরে প্রিমিয়ার লিগে কিংসের হয়ে খেলবেন। পাশাপাশি তিনি বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ ও জাতীয় দলের জন্যও বিবেচনায় রয়েছেন।
এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের পাশাপাশি বাংলাদেশের আরেক প্রতিনিধি আবাহনী লিমিটেডও মাঠে নামবে একই দিনে। ঢাকায় বিকেল ৫টায় তারা মুখোমুখি হবে কিরগিজস্তানের মোরাস ইউনাইটেডের বিপক্ষে। কিংসের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।