অন্তর্বর্তী সরকার কালো টাকা রুখতে সচেষ্ট থাকবে: অর্থ উপদেষ্টা
আগামী নির্বাচনে কালো টাকার প্রভাব ঠেকাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়।
তিনি বলেন, বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন অংশ নিচ্ছে না, তা খতিয়ে দেখা হবে। সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও এই স্কিমের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, স্কিমে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে এবং সর্বজনীন পেনশন নিয়ে আরও ব্যাপক প্রচারে গুরুত্ব দেওয়া হবে।