নির্বাচন নিয়ে শঙ্কা এখনো আছে: গয়েশ্বর
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, “এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন হবে, তবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যাবে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক থাকব, কারো পাতা ফাঁদে পা দেব না।”
খালেদা জিয়াকে ‘জাতির অভিভাবক’ হিসেবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, “তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন। বেগম জিয়া কখনো নিজের জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, “জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।” তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে।
অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “খালেদা জিয়ার কারাজীবনে যেসব নির্যাতন হয়েছে, তার সঙ্গে জড়িতদের বিচার হতে হবে।” তিনি আরও জানান, “বিশেষ একটি রাজনৈতিক দলের চাপ ও নেতাকর্মীদের অবস্থা বিবেচনা করে ২০০৮ সালের নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন বেগম জিয়া।