অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ বব সিম্পসন আর নেই
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী কোচ বব সিম্পসন আর নেই। সিডনিতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অজি ক্রিকেটের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্ব ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। ৬২ টেস্টে তার সংগ্রহ ৪ হাজার ৮৬৯ রান, গড় ৪৬.৮১। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যকর; নিয়েছেন ৭১টি উইকেট। অসাধারণ স্লিপ ফিল্ডার হিসেবে খ্যাতি পাওয়া সিম্পসন ১৯৬৫ সালে নির্বাচিত হয়েছিলেন উইজডেন বর্ষসেরা ক্রিকেটার। পরে স্থান পান আইসিসি ও অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে।
প্রথমে ১৯৬৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তবে কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিতর্কের সময় দেশের প্রয়োজনে ১৯৭৭ সালে আবার মাঠে ফেরেন। তার ১০টি টেস্ট শতকই এসেছে অধিনায়ক হিসেবে। ১৯৬৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৩১১ রানের ইনিংস তার ক্যারিয়ারের সেরা হিসেবে স্মরণীয় হয়ে আছে।