কোহলি ও রোহিতকে বিদায় নিতে বাধ্য করেছে বিসিসিআই? অভিযোগ কারসন ঘাবরির
ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার হঠাৎ টেস্ট অবসর ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল। গত মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির আগে তারা বিদায় ঘোষণা করেন। অনেকে ধারণা করেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতা তাদের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
তবে সাবেক ভারতীয় ক্রিকেটার কারসন ঘাবরি বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, কোহলি ও রোহিত দুজনই টেস্ট খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বিসিসিআইয়ের ‘অভ্যন্তরীণ রাজনীতি’ তাদের অবসর নিতে বাধ্য করেছে।
ঘাবরির ভাষায়, “কোহলি আরও কয়েক বছর সহজেই খেলতে পারতেন। রোহিতও দলের জন্য অবদান রাখতে চেয়েছিলেন। কিন্তু বোর্ডের ভিন্ন পরিকল্পনা এবং নির্বাচক কমিটির ভূমিকার কারণে তাদের বিদায় নিতে হয়েছে। এটা তাদের ইচ্ছা ছিল না, বরং তুচ্ছ রাজনীতির শিকার হয়েছেন।”
তিনি আরও যোগ করেন, “এমন মহৎ খেলোয়াড়দের সম্মানজনক বিদায় দেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি।”
এদিকে গুঞ্জন উঠেছে, কোহলি ও রোহিত শর্মা শিগগিরই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন। যা তাদের ২০২৭ সালের বিশ্বকাপ খেলার আশা শেষ করে দিতে পারে।
ভারতের ওয়ানডে ইতিহাসে এই দুই ব্যাটার অনন্য উচ্চতায় অবস্থান করছেন।
বিরাট কোহলি: ৩০২ ম্যাচে ১৪,১৮১ রান, গড় ৫৭.৮৮, ৫১টি শতক ও ৭৪টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ১৮৩ রান।
রোহিত শর্মা: ২৭২ ম্যাচে ১১,১৬৮ রান, গড় ৪৮.৭৬, ৩২টি শতক ও ৫৯টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ২৬৪ রান।