ঊর্ধ্বমুখী বাজারে পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিচ্ছেন হিলির ব্যবসায়ীরা
ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানির প্রস্তুতি নিচ্ছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। এ জন্য খামারবাড়িতে আইপি (ইমপোর্ট পারমিট) এর আবেদনও করা হয়েছে।
আমদানিকারকদের অভিযোগ, সোনামসজিদ স্থলবন্দরে কিছু আইপি দেয়া হলেও হিলির ব্যবসায়ীরা এখনও পাননি। বরং তাদের আবেদন ফেরত পাঠিয়ে ৩০ টনের আইপি বরাদ্দ চেয়ে পুনরায় আবেদন করতে বলা হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, একজন আমদানিকারককে মাত্র ৩০ থেকে ৫০ টন আইপি বরাদ্দের সিদ্ধান্ত যথেষ্ট নয়। এতে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি সম্ভব হবে না এবং বাজারে সংকট থেকে যাবে।
তাদের দাবি, চাহিদা অনুযায়ী আইপি বরাদ্দ দিলে দেশীয় বাজারে পর্যাপ্ত পেঁয়াজ আসবে, ফলে দামও নিয়ন্ত্রণে আসবে। আমদানিকারকদের ধারণা, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বাজারে এলে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা সম্ভব হবে।
এদিকে ইতোমধ্যেই সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।