লাগামহীন ডালের বাজার: এক মাসে কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা
লাগামহীন হয়ে উঠেছে ডালের বাজার। মশুর, ছোলা ও মুগসহ সব ধরনের ডালের দাম চড়া হয়ে গেছে। মাত্র এক মাসের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। হঠাৎ এমন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে কার্যকর তদারকি নেই, পাইকারি পর্যায় থেকেই বাড়ানো হচ্ছে দাম।
ডাল হলো ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। মাছ ও মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় নিম্নবিত্তের প্রধান ভরসা ডাল। কিন্তু সেই ডালের দামও এখন হাতের বাইরে চলে যাচ্ছে। পাইকারি বাজারে কেজিপ্রতি অন্তত ২০ টাকা বাড়লেও খুচরা বাজারে বৃদ্ধির হার আরও বেশি।
ছোটদানার মশুর ডালের দাম বেড়ে কেজিপ্রতি দাঁড়িয়েছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা আগে ছিল ২০-৩০ টাকা কম। দেশি মশুরের দামেও বেড়েছে চাপ। ব্যবসায়ীরা দাবি করছেন, আমদানির ওপর শুল্ক বৃদ্ধিই মূলত এই মূল্যবৃদ্ধির কারণ। স্থানীয় উৎপাদন কম থাকায় আমদানির সমস্যাও কাটছে না।
তবে বাজারে তদারকির ঘাটতির কারণে এ মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ নির্ধারণ বা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এদিকে, টিসিবি স্বল্পমূল্যে ট্রাকে সীমিত পরিমাণ মশুর ডাল বিক্রি করছে। কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল। উপরন্তু, সরবরাহকৃত ডালের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতারা।