বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › খেলা › আর্জেন্টিনার বাছাই দলে চমক হোসে মানুয়েল লোপেজ

আর্জেন্টিনার বাছাই দলে চমক হোসে মানুয়েল লোপেজ

favicon
অনলাইন সংস্করণ
আর্জেন্টিনার বাছাই দলে চমক হোসে মানুয়েল লোপেজ

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি আছেন দলেই, তবে সবচেয়ে বেশি আলোচনায় নতুন মুখ হোসে মানুয়েল লোপেজ।


ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল। লাৎসিও ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।


গত জুনের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো। তাদের পরিবর্তে দলে এসেছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা ভালেন্তিন কারবোনি। সম্প্রতি জেনোয়ার হয়ে দুর্দান্ত এক গোল করেছেন কারবোনি।


এনজো ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে বাইরে, আর চোট কাটিয়ে উঠতে না পারায় জায়গা হয়নি পাওলো দিবালার। তবে দলে রাখা হয়েছে তরুণ প্রতিভা ম্যানসিটি মিডফিল্ডার ১৯ বছর বয়সী ক্লদিও এচেভেরি ও রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে।


দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল।