শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিডাকসু জিএস পদে মনোনয়ন নেওয়ার পর এনসিপি থেকে বহিষ্কৃত মাহিন সরকার

ডাকসু জিএস পদে মনোনয়ন নেওয়ার পর এনসিপি থেকে বহিষ্কৃত মাহিন সরকার

favicon
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।


সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।


এর আগে দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন।


ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে মাহিন লেখেন—

“আমি তাদের একজন, যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। অন্তত আমার কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল।”


তিনি আরও লিখেন, “আমার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্ত দিয়ে রাঙিয়েছি। গানপয়েন্টে ৬ জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পরও আমি বলেছিলাম—‘মানি না’। পিলখানা হত্যাকাণ্ডের সময় ন্যায়বিচারের আন্দোলনে আমি মাঠে নামি, তখন কেউ পাশে ছিল না। অথচ আজ কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই আমাকে বহিষ্কার করা হলো।”


আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মাহিন বলেন, “সাধারণত গুরুতর আর্থিক অনিয়ম বা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমাকে সে সুযোগ দেওয়া হয়নি, যা নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর।”


সবশেষে তিনি উল্লেখ করেন, “আমি সবসময় বিশ্বাস করি—বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন মাত্র।”