গুঞ্জন উড়িয়ে দিলেন জাহিদ হাসান: ‘আমরা ভালো আছি, কোনো কলহ নেই’
দেশের জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও মৌকে দীর্ঘদিন ধরেই সফল দাম্পত্য জীবনের উদাহরণ হিসেবে দেখা হয়। তবে সম্প্রতি হঠাৎ করেই তাদের সংসারজীবনে কলহের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে মুখ খুললেন অভিনেতা জাহিদ হাসান।
‘বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আরআরকে’ পডকাস্টে জাহিদ হাসান স্পষ্ট করে বলেন, “আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যারা অকারণেই এসব রটনা ছড়ায়।”
স্ত্রীর প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে তিনি জানান, মৌ তার সবকিছুতে খেয়াল রাখেন। “আমি মায়ের মতোই একটা বউ পেয়েছি। সে যেমন আদর করে, যত্ন নেয়, আবার মাঝে মাঝে বিরক্তও হয়। তবে আমাদের কখনো ইগোর সংঘাত হয় না। কারণ, মৌ আমার চেয়ে ভালো মনের মানুষ।”
অভিনেতা জানান, নিজের জীবনের কোনো ঘটনা তিনি মৌয়ের কাছ থেকে লুকান না— এমনকি সাবেক প্রেমিকার কথাও জানেন স্ত্রী। এ নিয়ে মাঝে মাঝে মৌ মজাও করেন। জাহিদ হাসান বলেন, “একদিন হঠাৎ মৌ আমার আগের প্রেমিকার কিছু চিঠি হাতে নিয়ে বলল— এগুলো যত্ন করে রাখো। সে বিষয়গুলো বেশ সহজভাবে নেয়।”
অভিনেতা জাহিদ হাসান সর্বশেষ অভিনয় করেছেন তানিম নূর পরিচালিত ‘উৎসব’ চলচ্চিত্রে। বড় পর্দায় মুক্তির পর সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এবং পরবর্তীতে ওটিটিতেও দারুণ সাড়া ফেলেছে। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে আবারও দর্শক হৃদয় জয় করেছেন।