ত্রিনবাগোকে হারিয়ে শীর্ষে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। শুরুর ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। এই জয়েই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ফ্যালকনস।
শেষ ওভারে ত্রিনবাগোর প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলে এক রান দিয়ে মারকুটে ব্যাটার কাইরন পোলার্ডকে স্ট্রাইক দিলেও বাকি চার বলে কোনো রান দেননি অ্যান্টিগার বোলার শামার স্প্রিঙ্গার। শেষ বলে একটি বাউন্ডারি মেরেও দলকে জেতাতে পারেননি পোলার্ড। নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানে থামে ত্রিনবাগোর ইনিংস।
এর আগে ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান তোলে অ্যান্টিগা। ফ্যাবিয়ান অ্যালেন ঝোড়ো ২০ বলে ৪৫ রান করেন, আর অধিনায়ক ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন ২৭ বলে ৩৯ রান করে।
দলের জয়ের দিনে ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে ২৪ রান করা এই টাইগার অলরাউন্ডার আজ ফিরেছেন ১৩ বলে ৭ রান করে। তবে বল হাতে সাফল্য পান তিনি। নিজের একমাত্র ওভারে মাত্র ২ রান দিয়ে তুলে নেন ড্যারেন ব্রাভোর উইকেট।
ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন কলিন মানরো (১৮ বলে)। আর পোলার্ড অপরাজিত থাকেন ২৮ বলে ৪৩ রান করে। অ্যান্টিগার পেসার ওবেদ ম্যাকয় ৩৯ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন।