শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ :মাদুরাই সমাবেশে থালাপতি বিজয়

‘ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ :মাদুরাই সমাবেশে থালাপতি বিজয়

favicon
অনলাইন সংস্করণ
‘ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ :মাদুরাই সমাবেশে থালাপতি বিজয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আদর্শগত লড়াইয়ের ঘোষণা দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক ও নতুন রাজনীতিক থালাপতি বিজয়।


আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সমাবেশে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।


সম্মেলনে বিজয় জানান, রাজ্যে তার দল এককভাবে লড়াই করবে—কোনো রাজনৈতিক জোটে যাবে না। তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে)-কে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে আখ্যা দেন।


বিজয়ের ভাষ্য, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি, আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। টিভিকে কোনো ভীত সন্ত্রস্ত দল নয়, এটি কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসাও চালায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।”


তিনি আরও বলেন, “সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে আট কিলোমিটার পর্যন্ত কম্পন তৈরি হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকতে পারে, কিন্তু রাজা থাকে একজন—সেটি সিংহ। বিজেপি ভেবে বসেছে ২০২৯ পর্যন্ত তাদের পথ মসৃণ থাকবে, কিন্তু যেমন করে জল পদ্মপাতায় টিকে থাকে না, তেমনি তামিলরা কখনো বিজেপির সঙ্গে থাকবে না।”


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি গড়ে তুলতে চাইছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে—দুই প্রধান দলের বাইরে নিজের দলকে ভোটারদের সামনে শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন তিনি।


গত বছর টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। এবারই তিনি প্রথমবারের মতো রাজ্য নির্বাচনে অংশ নেবেন।