শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত: মির্জা ফখরুল
গুম, খুন, নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজ প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং এই দেশের মাটিতে তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।”
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গুম-খুনের শিকার পরিবারগুলোর কান্না থামাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। গুম কমিশন গঠন করে জনসমক্ষে শুনানি আয়োজনের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এর জবাবদিহিতা সরকারকেই করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যদি প্রকৃত দায়ীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করে, তাহলে গুম-খুন-নির্যাতনের মতো ভয়াবহতা বন্ধ হবে।
বিএনপি মহাসচিব বলেন, “জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আপনারা নিরাশ হবেন না। একদিন অবশ্যই বিচার হবে।”
তিনি জানান, গুমের শিকার মুন্নার বাড়িতে তিনি প্রায়ই যান। মুন্নার বাবার গল্প তুলে ধরে বলেন, “তিনি ছেলেকে খুঁজতে খুঁজতে ভারতে গিয়েছিলেন। কিন্তু কোথাও তাকে পাননি। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে মারা গেছেন।”
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানবাধিকার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে সবসময় বিএনপি থাকবে। একইসাথে, সব নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করার জন্যই তারা নির্বাচনের দাবি জানাচ্ছে।