ভারতের কাছে হেরে থামল বাংলাদেশের মেয়েদের টানা পাঁচ জয়ের ধারা
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজদের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে গেল ২-০ গোলের হারে।
ম্যাচের শুরু থেকেই ভারতের আক্রমণের চাপে ছিল বাংলাদেশ। ১৪ মিনিটে মাঝমাঠ থেকে বল কেটে ড্রিবল করে রক্ষণভাগ ভেদ করেন ভারতের পার্ল ফার্নান্দেস। তার শটে গোলরক্ষক ইয়ারজান বেগম কোনো সুযোগই পাননি।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর আক্রমণে ফিরলেও সমতায় ফেরাতে পারেনি বাংলাদেশ। ৩৬ মিনিটে ফাতেমা আক্তারের কর্নার থেকে আলপি আক্তারের হেড গোলপোস্টে লাগলে হাতছাড়া হয় সবচেয়ে কাছের সুযোগটি।
বিরতির পর সমতায় ফেরা তো দূরের কথা, উল্টো ৭৬ মিনিটে আলিশার কর্নার থেকে ভলিতে গোল করেন ভারতের বনিপিলা শুলাই। ফলে ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত হয় ভারতের।
সহকারী কোচ আবুল হোসেন আগেই জানিয়েছিলেন ভারতের বিপক্ষে ভুল এড়াতে চায় বাংলাদেশ। কিন্তু ঠিক সেই জায়গাতেই ভুল করেছে দল। কোচ মাহবুবুর রহমানের হাইলাইন ডিফেন্স কৌশলও সমালোচনার মুখে পড়েছে।
এই হারের ফলে ভাঙল লাল-সবুজের মেয়েদের পাঁচ ম্যাচের জয়ের ধারা। সর্বশেষ তারা হেরেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের ছিল মধুর স্মৃতি। গত বছর সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ফাইনালে টাইব্রেকারেও জয় পেয়েছিল তারা।
দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারায়।
আগামী ২৪ আগস্ট নেপালের বিপক্ষে এবং ২৭ আগস্ট ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৩১ আগস্ট আবারও ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়েই শেষ হবে চার জাতির এই টুর্নামেন্ট।
ডাবল লিগ পদ্ধতিতে আয়োজিত এই আসরে সর্বাধিক পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে আগে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোলপার্থক্য।