শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘জল জোছনা’ দিয়ে অভিনয়ে ফিরলেন শানারেই দেবী শানু

‘জল জোছনা’ দিয়ে অভিনয়ে ফিরলেন শানারেই দেবী শানু

favicon
অনলাইন সংস্করণ
‘জল জোছনা’ দিয়ে অভিনয়ে ফিরলেন শানারেই দেবী শানু

বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক ‘জল জোছনা’ দিয়ে এক বছর বিরতির পর অভিনয়ে ফিরেছেন শানারেই দেবী শানু। একই সঙ্গে তিনি প্রস্তুতি নিচ্ছেন আগামী বইমেলায় নতুন বই প্রকাশেরও।


দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘জবা’-তে অভিনয়ের পর শানু বিরতিতে ছিলেন। দেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে গেলেও বিনোদন অঙ্গন আগের গতি ফিরে পেতে সময় নিয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, “অনেক অভিনেতা-অভিনেত্রী এখনো কাজে ফিরতে পারেননি, কাজের ফ্লোও পুরোপুরি তৈরি হয়নি।”


‘জল জোছনা’ প্রসঙ্গে শানু বলেন, লেখক, নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান তাঁকে কাজের প্রস্তাব দেন। নব্বইয়ের দশকের ধারার পারিবারিক ও সামাজিক গল্পের এই নাটকে তিনি ‘কাজল’ চরিত্রে অভিনয় করছেন, যে রুদ্র (সোহেল আরমান)–এর প্রেমিকা।


২০০৫ সালে শোবিজে পা রাখেন শানু। দুই দশক পূর্ণ হলেও তিনি মনে করেন নিজের সেরাটা এখনো দিতে পারেননি। বড় পর্দায় ২০১৮ সালে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে দেখা গেলেও এরপর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। তাঁর আশা, ভালো গল্প পেলে আবারও বড় পর্দায় ফিরবেন।


এখনকার নাটক নিয়ে তিনি হতাশ। তাঁর মতে, “আমাদের সময়ে ‘সাকিন সারিসুরি’, ‘কবি’ বা ‘বৈরত’-এর মতো নাটক দর্শককে মুগ্ধ করত। কিন্তু এখনকার অনেক নাটকের নাম, গল্প ও সংলাপ সস্তা মনে হয়। শিল্পমাধ্যম সমাজকে প্রভাবিত করে, তাই সুস্থ সংস্কৃতির চর্চা জরুরি।”


অভিনয়ের পাশাপাশি শানু লেখালেখিতেও সক্রিয়। গত বইমেলায় প্রকাশিত তাঁর গ্রন্থ ‘বাঘ মানুষ’ আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছে। মণিপুরি মিথলজির ওপর লেখা এই বই পাঠকের প্রশংসা কুড়িয়েছে। আসন্ন বইমেলার জন্যও তিনি নতুন বইয়ের প্রস্তুতি নিচ্ছেন, তবে এবার উপন্যাস নাকি অন্য কোনো আঙ্গিকে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।