শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমখেলাদেম্বেলে ব্যর্থ, তবু আঞ্জেরকে হারিয়ে টেবিলের শীর্ষে পিএসজি

দেম্বেলে ব্যর্থ, তবু আঞ্জেরকে হারিয়ে টেবিলের শীর্ষে পিএসজি

favicon
অনলাইন সংস্করণ
দেম্বেলে ব্যর্থ, তবু আঞ্জেরকে হারিয়ে টেবিলের শীর্ষে পিএসজি

উসমান দেম্বেলের পেনাল্টি মিসে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হলেও জয়রথ থামেনি প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজেদের প্রথম হোম ম্যাচে আঞ্জেরকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।


ম্যাচ শেষে এক জমকালো আয়োজনে গত মৌসুমে জয় করা পাঁচটি ট্রফি দর্শকদের সামনে প্রদর্শন করে পিএসজি।


এর আগে মৌসুমের প্রথম ম্যাচে নঁতের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল লুইস এনরিকের শিষ্যরা। ঘরের মাঠেও তারা ধরে রাখল জয়ের ধারা। তবে প্রথমার্ধে দেম্বেলের ব্যর্থতায় হতাশ হতে হয় সমর্থকদের। জোয়াও নেভেসের তৈরি করা পেনাল্টি থেকে তিনি শট পাঠান ক্রসবারের অনেক ওপর দিয়ে।


তবু দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পিএসজি। বিরতির পর ৫০ মিনিটে ডি-বক্সে চাপ তৈরি করে গোল আদায় করে নেয় তারা। শক্তিশালী এক শটে জালের দেখা পান রুইজ, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।


এ জয়ে আঞ্জেরের বিপক্ষে ঘরের মাঠে টানা ১১তম জয় পেল পিএসজি। এদিনও দলে ছিলেন না গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। তার অনুপস্থিতিতে নতুন চুক্তিবদ্ধ কিপার লুকাস শেভালিয়ার দায়িত্ব সামলান গোলবারে।


দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী ৩১ আগস্ট তুলুজের বিপক্ষে মাঠে নামবে তারা।