‘চোরে চোরে মাসতুতো ভাই’—ভাইরাল গান ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
‘চোরে চোরে মাসতুতো ভাই/ দেশটা চোরে ভরে গেছে তাই…’—সোশ্যাল মিডিয়ায় এখন মুখে মুখে ঘুরছে এই গান। সম্প্রতি ‘জিএমসি সেন্টার’ নামের একটি মিউজিক পেজ থেকে গানটি প্রকাশিত হওয়ার পরই ভাইরাল হয়ে যায়।
গানটি গেয়েছেন আজিবুর রহমান, যিনি ‘জিএমসি সোহান’ নামে পরিচিত। এতে সিলেটের সাদা পাথর চুরি থেকে শুরু করে সীমাহীন লুটপাটসহ সমাজের নানান বাস্তবতা উঠে এসেছে।
ইতোমধ্যে গানটি সোশ্যাল মিডিয়ায় সাড়ে সাত হাজারেরও বেশি শেয়ার হয়েছে। অসংখ্য সংগীতপ্রেমী মন্তব্য করেছেন গানের প্রশংসায়। কেউ লিখেছেন—“সত্যিই বলেছেন ভাই, আপনার কথা একেবারেই সত্য।” আরেকজন লিখেছেন—“চালিয়ে যান ভাই, গানটা সমাজের বাস্তবতার সাথে মিলে গেছে।”
জানা গেছে, জিএমসি টিম নিয়মিত ভিন্নধর্মী গান প্রকাশ করে, যা কখনো রাজনৈতিক, কখনোবা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠে। টিমের সদস্যরা মূলত গোপালগঞ্জের বাসিন্দা। সুর ও সংগীত পরিচালনা করেন জিএমসি সোহান এবং দলের অন্যান্য সদস্যরা। নিজেদের তৈরি গান ও ভিডিওর সুবাদে তারা এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।