গোবিন্দা-সুনীতা দম্পতিকে ঘিরে ফের বিচ্ছেদের গুঞ্জন, ম্যানেজার বললেন ‘পুরোনো খবর’
বলিউড অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে আবারও আলোচনায় উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। কয়েক মাস আগে থেকেই তাদের দাম্পত্য ভাঙনের খবর ছড়ায়, যদিও তখন সুনীতা সেই খবরকে ভুয়া দাবি করে জানান, গোবিন্দার সঙ্গে তার সম্পর্ক অটুট এবং তিনি কখনোই কোনো কারণে স্বামীকে ছেড়ে যাবেন না।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বৈবাহিক জীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুনীতা। তিনি জানান, গত এক বছর ধরে মানসিক চাপের মধ্যে আছেন তিনি ও তার পরিবার। অনেকে তাদের সুখের সংসার ভাঙতে চাইছেন, যা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। সুনীতার ভাষায়, “মানুষ আমাদের পরিবারকে নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু আমি বিশ্বাস করি ভগবান তাদের শাস্তি দেবেন।” এ কথা বলতেই চোখে জল চলে আসে তার।
এই মন্তব্যের পর বিচ্ছেদের গুঞ্জন আবারও তীব্র হয়। তবে বিষয়টি খণ্ডন করে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা সংবাদমাধ্যম পিটিআইকে জানান, “এটা ছয়-সাত মাস আগের খবর। সুনীতা তখন ডিভোর্সের আবেদন করেছিলেন, এখন সব কিছু মিটমাট হয়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যেই সবাই সত্যিটা জানতে পারবেন।” তিনি আরও বলেন, “গোবিন্দা-সুনীতা পরিবার আসন্ন গণেশ চতুর্থী উৎসব একসঙ্গে পালন করতে যাচ্ছে।”
গোবিন্দার আইনজীবী ললিত বিন্দলও এই গুঞ্জনকে ‘পুরোনো খবর’ আখ্যা দিয়ে নাকচ করেছেন। তবে এখনও পর্যন্ত গোবিন্দা কিংবা সুনীতা কেউই গণমাধ্যমে সরাসরি এ বিষয়ে মুখ খোলেননি।