তেওতা জমিদার বাড়ি সংরক্ষণে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রায় ৩০০ বছরের পুরনো তেওতা জমিদার বাড়ি সংরক্ষণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন এবং রুল জারি করেন।
মানিকগঞ্জ জেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঘোষিত চারটি পুরাকীর্তি রয়েছে। এর মধ্যে একটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির নবরত্ন মন্দির, যেটিকে ২০১২ সালের ১২ জুন সরকার পুরাকীর্তি ঘোষণা করে। পরে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর তেওতা জমিদার বাড়ি কমপ্লেক্সকেও সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়।
তবে ঘোষণার পরও ঐতিহ্যবাহী এ স্থাপনা সংরক্ষণে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে অরক্ষিত অবস্থায় তেওতা জমিদার বাড়ি এখন ধ্বংসের মুখে। চলতি বছরের ১৯ জুলাই একটি ইংরেজি দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে, সেটি সংযুক্ত করে আইনজীবী জাহিদ আহমেদ হিরো গত ৩ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন।
রুলে বলা হয়েছে, ১৯৬৮ সালের প্রত্নতত্ত্ব আইনের ১২(গ) ধারা অনুসারে তেওতা জমিদার বাড়ি কেন সংরক্ষণের নির্দেশ দেওয়া হবে না এবং দর্শনার্থীদের জন্য নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চাওয়া হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।