চোরদের নিয়ে মজার মন্তব্য করে ভাইরাল কুদ্দুস বয়াতি
বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ও প্রচারণাভিত্তিক গান ‘এই দিন দিন না আরো দিন আছে’ গেয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর পালাগান থেকে শুরু করে অসংখ্য লোকগান পরিবেশন করে জয় করেছেন সারা দেশের শ্রোতাদের মন।
বর্তমানে গানের মঞ্চে নিয়মিত না থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ শিল্পী। ফেসবুক ও ইউটিউবে নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট প্রায়ই আলোচনায় আসে।
সর্বশেষ চোরদের নিয়ে একটি রসিক মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন কুদ্দুস বয়াতি। রবিবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন—
“ফেসবুকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরেরা। কারণ রাত ৩টায় চুরি করতে গেলেও দেখা যায় কেউ না কেউ ঠিকই সজাগ আছে।”
তার এ পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন—
“এজন্যই হয়তো এখন আর রাতের আধারে চুরি না করে দিনের বেলায় প্রকাশ্যে ছিনতাই হয়।”
“অন্তত এটিই ফেসবুকের একটি ভালো দিক।”
“চুরি এখন ফজরের নামাজের পর থেকে হয়, কারণ রাত জেগে থাকা তরুণরা তখন ঘুমে আচ্ছন্ন।”
হাস্যরসাত্মক হলেও বাস্তবধর্মী এ মন্তব্য ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
শৈশব থেকেই গান-বাজনার অনুরাগী কুদ্দুস বয়াতি দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইসহ নানা পালাগানে অংশ নিয়েছেন। করোনাকালীন সময়ে জনগণকে সচেতন করতে গেয়েছেন জনপ্রিয় গান ‘জাইনা চলেন, মাইনা চলেন’। শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে গান গেয়ে তিনি বাংলা ভাষাভাষীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।