‘দাহাড়’ ফিরছে দ্বিতীয় মৌসুমে, পুলিশ অফিসার রূপে আবারও সোনাক্ষী সিনহা
২০২৩ সালে মুক্তি পাওয়া রীমা কাগতির থ্রিলার ওয়েব সিরিজ ‘দাহাড়’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সিরিজটির মাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ওটিটি অভিষেক হয়, আর তাঁর সাহসী অভিনয় প্রশংসা কুড়িয়েছিল দর্শক ও সমালোচকদের।
দুই বছর পর আবার ফিরছে ‘দাহাড়’ টিম। দ্বিতীয় মৌসুমেও পুলিশ অফিসার অঞ্জলি ভাটির চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত করেছেন নির্মাতা রীমা কাগতি। চলতি বছরের শুরুতে ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।
ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় মৌসুমের শুটিং, আর আগের মতোই সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। তবে সোনাক্ষী কিংবা রীমার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
সম্প্রতি সোনাক্ষীকে দেখা গেছে ভৌতিক ছবি ‘নিকিতা রয়’-এ, যা মুক্তি পায় ১৮ জুলাই। তবে ছবিটি প্রত্যাশিত সাড়া পায়নি। এর বাইরে তিনি তেলুগু চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। তেলুগু তারকা সুধীর বাবুর সঙ্গে তাঁর নতুন ছবি ‘জতধারা’, যা পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ।
কর্মব্যস্ততার পাশাপাশি ব্যক্তিজীবনেও সময় কাটাচ্ছেন সোনাক্ষী। সম্প্রতি স্বামী জহির খান ও দুই পরিবারের সদস্যদের নিয়ে সুইজারল্যান্ডে পারিবারিক ভ্রমণ শেষে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।