বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন তারেক রহমান: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব, কারণ শিক্ষিতরা ঠিকমতো চাকরি পাচ্ছে না। তিনি জানান, যদি আগামীতে বিএনপি আল্লাহর রহমতে এবং জনগণের ভোটে ক্ষমতায় আসে, তবে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সভার আয়োজন করা হয়েছিল তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “জাতির সামনে তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন। বিএনপি ক্ষমতায় এলে ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ডটি মায়েদের নামে থাকবে। এর মাধ্যমে প্রতিমাসে টাকা বা সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হবে, যাতে মায়েরা সংসার চালাতে পারেন এবং সংসারে সম্মানিত হন।”
সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির।