আমদানি হঠাৎ বন্ধ, পেঁয়াজের কেজিতে দাম বাড়ল ১০ টাকা
দেশের বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের অনুমতি পাওয়ার পর গত ১৭ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে কয়েক দিনের ব্যবধানে দামও নিম্নমুখী হয়।
কিন্তু হঠাৎ করে ১৯ আগস্ট থেকে নতুন কোনো আমদানির অনুমতিপত্র (আইপি) ইস্যু বন্ধ করে দেয় সরকার। এতে বিপাকে পড়ে বন্দর এলাকার ব্যবসায়ীরা, আর এর প্রভাব পড়ে পাইকারি ও খুচরা বাজারে। মাত্র কয়েক দিনে কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা।
সোমবার (২৫ আগস্ট) হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বন্দরে ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। সরবরাহ থাকলেও দাম বেড়ে গেছে সব ধরনের পেঁয়াজের।
আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ: ৪৫–৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা কেজি।
নাসিক জাতের পেঁয়াজ: ৫৫ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা কেজি।
দেশি পেঁয়াজ: ৬৫ টাকা থেকে বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ৭৫–৮০ টাকা কেজি।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, “সরকার হঠাৎ আইপি দেওয়া বন্ধ করায় আমরা বিপাকে পড়েছি। আগে অনুমতি পাওয়া অল্প কয়েকটি ট্রাক আসছে, কিন্তু তা দিয়ে বাজারের চাহিদা মিটছে না। ফলে দাম বাড়ছে।”
বন্দর ব্যবসায়ী শাকিল জানান, আমদানি শুরু হলে দাম কমছিল। কিন্তু আবার বন্ধ হওয়ায় দামে উল্লম্ফন হয়েছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ১৯ আগস্টের পর থেকে নতুন কোনো আইপি ইস্যু হয়নি। তবে পূর্বের অনুমতিতে আনা পেঁয়াজের ট্রাক এখনো প্রবেশ করছে।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ভারত থেকে ৭০ ট্রাকে ২ হাজার ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।