যাত্রাবাড়ী হত্যা মামলায় গ্রেপ্তারের পর আদালতে তৌহিদ আফ্রিদি
যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তারের পর কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং আদালতের হাজতখানায় রাখা হয়। অল্প সময়ের মধ্যেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জানিয়েছেন, আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সিআইডি তাকে গ্রেপ্তার করে। এরপর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের সময় আফ্রিদি বলেন, “আমি ভয় পেয়েছি। আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। এটা আমার দাদার বাসা, কবর জিয়ারত করতে এসেছিলাম।” পরে পুলিশ ভ্যানে তোলার সময় তিনি প্রশ্ন করেন, “আমরা ডিবিতে যাচ্ছি না?” তখন পাশ থেকে ইতিবাচক উত্তর আসে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে আলটিমেটাম দিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবি জানায়। তাদের অভিযোগ ছিল, তিনি শুধু বর্তমান সরকারের সময়ই নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে জড়িত ছিলেন।
শেষ পর্যন্ত আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশের হাতে ধরা পড়তে হলো।