ভোলার চরফ্যাশনে ধারণ করা হলো ইত্যাদির নতুন পর্ব
মেঘনা–তেঁতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। এ উপলক্ষে মঞ্চ তৈরি করা হয় ব্রিটিশ আমলে নির্মিত প্রায় শতবর্ষী ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে। অনুষ্ঠানকে ঘিরে ভোলাজুড়ে নেমে আসে উৎসবের আবহ।
আমন্ত্রিত দর্শকদের পাশাপাশি অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ভিড় জমায়। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই আশপাশের ভবনের ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন। দর্শকদের উচ্ছ্বাস আর হাততালিতে বারবার মুখরিত হয় চারপাশ।
এবারের পর্বে দুটি গান পরিবেশিত হয়েছে। এর মধ্যে ভোলাকে কেন্দ্র করে লেখা একটি পরিচিতিমূলক গানে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, আর সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গেয়েছেন রাজীব ও তানজিনা রুমা। অন্যদিকে ‘আমাকে না বলে’ শিরোনামের আরেকটি গান পরিবেশন করেছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। এর সুর–সংগীত করেছেন ইমরান মাহমুদুল, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
দর্শকপর্বে নির্বাচিত কয়েকজন দর্শক জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। এছাড়া থাকছে ভোলার সন্তান, দু’বার এভারেস্টজয়ী এম এ মুহিতের বিশেষ সাক্ষাৎকার। সেখানে উঠে আসবে তার এভারেস্ট জয়ের স্মৃতিচারণ এবং ‘ইত্যাদি’র সঙ্গে সম্পর্কিত এক বিশেষ গল্প।
অনুষ্ঠানে স্থান পেয়েছে ভোলার ইতিহাস, বিশেষ করে ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ, মহিষনির্ভর অর্থনীতি, মৎস্যজীবীদের করুণ বাস্তবতা ইত্যাদি তথ্যবহুল প্রতিবেদন। বিদেশি পর্বে দেখানো হবে চীনের বেইজিংয়ের বিখ্যাত সামার প্যালেস।
বরাবরের মতো সমাজ সংস্কার ও সামাজিক অসঙ্গতি নিয়ে বেশ কিছু নাট্যাংশ পরিবেশিত হবে। এতে অভিনয় করেছেন দিলারা জামান, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, শাহেদ আলীসহ অসংখ্য অভিনয়শিল্পী। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম।
এই বিশেষ পর্বটি ২৯ আগস্ট শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।